স্বাস্থ্যমন্ত্রী
যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের রাজনৈতিকভাবে দমন করতে হবে

মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
যারা দেশে অরাজকতা সৃষ্টি করে অস্থিতিশীল করতে চায়, সেই পতিত স্বৈরাচার ও বিরোধী অপশক্তিকে দেশের স্বার্থে রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নির্দেশনা নিয়ে এসেছি। আগামীতে যারাই ষড়যন্ত্র করতে চায়, তাদের রাজনৈতিকভাবে দমন করতে হবে। দেশ থেকে তাদের উৎখাত করে ফেলতে হবে।’
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সরদার সাখাওয়াত হোসেন বললেন, ‘বিগত ১৭ বছর রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলনের দিনগুলোর কথা আপনারা কি ভুলে গেছেন? পতিত আওয়ামী লীগ সরকারের সময় সারা দেশের বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলা, নির্যাতনসহ দমন-পীড়ন সহ্য করে স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছেন।’
তিনি আরও বলেন, ‘সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর বর্তমান বিরোধী দল মিলেমিশে একাকার হয়ে গেছে। তারা নাকি আগামী ডিসেম্বরে বিএনপি সরকারের পতন ঘটাবে। আপনাদের প্রস্তুত থাকতে হবে। সকল অপশক্তিকে প্রতিহত করতে হবে।’
মন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশে সাংবিধানিকভাবে যারা রাজনীতিতে নিষিদ্ধ, তাদের পূর্বের ইতিহাস আপনারা সবাই জানেন। গুম, খুন, লুণ্ঠন, দুর্নীতি, জনগণের কণ্ঠ চেপে ধরা, কথা বলতে না দেওয়া ও দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। অন্যদিকে বিএনপি সাংবিধানিকভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। বিএনপি সংবিধান দ্বারা পরিচালিত, আমরা সেটা মান্য করি। কাজেই সেই স্বৈরাচার আওয়ামী লীগ দেশে কোনো অরাজকতা কিংবা তাদের কার্যক্রম পরিচালনা করতে চাইলে আপনারা কঠিনভাবে দমন করবেন।’
দেশের স্বার্থ রক্ষার বিষয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা দেশের স্বার্থ বিক্রি করব না। ভৌগোলিকভাবে আমাদের এমন অবস্থান, আমাদের চোখ রাঙালে কোনো লাভ হবে না। বাংলাদেশের এক ইঞ্চি জায়গা কারও নেওয়ার ক্ষমতা নেই। যতদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিকেরা বেঁচে থাকবে, ততদিন বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে থাকবে। ভারতীয় সম্প্রসারণবাদকে বিদায় জানাতে চাই। আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম জিয়া বলে গিয়েছেন, আমাদের বন্ধু আছে, কিন্তু আমাদের প্রভু নেই।’
ভারতের আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ভারতীয় আদানি আমাদের বিদ্যুৎ দিত। কিন্তু দেশে বিদ্যুতের ঘাটতি করার জন্য সরবরাহ কমিয়ে অর্ধেকে নিয়ে এসেছে।’
সারের সংকট নিয়েও কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পতিত আওয়ামী লীগের সময়ের সারের ডিলারদের আমরা বাদ দিইনি। ফ্যাসিবাদের দোসররা দেশে সারের কৃত্রিম সংকট তৈরি করতে কাজ করছে। সেটা বুঝতে পেরে বর্তমান সরকার আগের ডিলারের পাশাপাশি নতুন করে ডিলার নিয়োগ দিচ্ছে, যাতে সারের কোনো সংকট তৈরি না হয়। আমাদের কৃষকরা যাতে সহজেই সার পায়।’
বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, ‘সারা বিশ্বের মতো আমরাও সৌরবিদ্যুতের দিকে যাচ্ছি। দেশের প্রতিটি হাসপাতালকে সৌরবিদ্যুতের আওতায় নিয়ে আসছি। তারা দেশের আটটি বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু আমাদের গ্যাস নেই।’
মন্ত্রীর ভাষ্য, ‘বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে। ভারত ও মিয়ানমার গ্যাস উত্তোলন করে নিয়ে যাচ্ছে। অথচ আমরা গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক মহলের সঙ্গে আলোচনা করে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের ব্যবস্থা করেছেন। আমরা সেই গ্যাস দিয়ে আগামীতে বিদ্যুৎ উৎপাদন করব।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে দলের নেতাকর্মীদের উদ্দেশে সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারাই দলের মূলশক্তি। কাজেই দলের মধ্যে কোনো ভেদাভেদ থাকা যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান যাকে মনোনয়ন দেবেন, আপনারা তার বিজয়ের জন্য কাজ করবেন।’
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মো. আজাদ হোসেনের সভাপতিত্বে সভায় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান, জেলা জজ আদালতের পিপি নুরতাজ আলম বাহার, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম বাদল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিন্নাহ খান, জেলা ছাত্রদলের সভাপতি আবদুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজিবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



