স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে নারী গ্রেপ্তার

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীকে গলা ও দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক নারীকে। আজ সোমবার বেলা ১১টার দিকে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলির বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জব্দ করা হয় হত্যায় ব্যবহৃত রক্তমাখা একটি চাপাতি ও ছুরি।
নিহতের নাম জাহাঙ্গীর আলম জনি (৪১)। তিনি ঢাকার কদমতলী থানার ঢালকানগর বৈশাখী হাউজিং এলাকার আব্দুস শাকুরের ছেলে। অভিযুক্তের নাম ফারজানা আক্তার মুন্নি (৪৫)। আগামীর সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মুন্নির দ্বিতীয় স্বামী ছিলেন জনি। তিনি একসময় মুন্নির প্রথম স্বামীর ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করতেন। সে সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে জনিকে বিয়ে করে দেলপাড়ার চানাচুর ফ্যাক্টরি গলিতে ঘর তুলে বসবাস শুরু করেন।
স্থানীয়দের ভাষ্য, জনি সবশেষ ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বারে চাকরি করতেন। অন্য নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে— এমন সন্দেহ থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল কলহ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন মুন্নি— জানালেন ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর। তার কথা, রবিবার রাতে খাবারের সঙ্গে পাঁচটি ঘুমের ট্যাবলেট মিশিয়ে স্বামীকে খাওয়ান মুন্নি। গভীর রাতে চাপাতি দিয়ে তার গলা কেটে এবং দুই হাতের রগ কেটে নিশ্চিত করেন মৃত্যু।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে বলেও জানালেন ওসি।




