শ্বশুরবাড়ির ঘরে আগুন দেওয়ার অভিযোগ জামাতার বিরুদ্ধে

আড়াইহাজার থানা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুরবাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে আলমগীর নামে এক জামাতার বিরুদ্ধে।
ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে আগুন দেওয়ায় তার স্ত্রী, শাশুড়ি ও শিশুসন্তান দগ্ধ হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
গুরুতর দগ্ধ শাশুড়ি মোমেলা (৫৫), তার মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসাকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
গত বুধবার গভীর রাত ৩টার দিকে আড়াইহাজার পৌরসভার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আলমগীর পাশের ঝাউগাঁও গ্রামের বাসিন্দা। তিনি তানিয়া আক্তার বৃষ্টির স্বামী।
ঘটনাস্থলে যাওয়া আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হাকিম স্থানীয়দের বরাত দিয়ে জানান, বুধবার রাতে মোমেলা, তার মেয়ে তানিয়া আক্তার বৃষ্টি ও নাতনি হাফসা বসতঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে হঠাৎ ঘরে আগুন লাগে।
স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসআই হাকিম বললেন, ‘আগুনে মোমেলা গুরুতর দগ্ধ হয়েছেন। তার মেয়ে তানিয়ার হাত এবং নাতনি হাফসার নাক দগ্ধ হয়েছে। তানিয়ার সঙ্গে তার স্বামী আলমগীরের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। ওই দ্বন্দ্বের জেরে আলমগীর ঘরের ছিটকিনি বাইরে থেকে লাগিয়ে পরিবারের সদস্যদের হত্যার উদ্দেশ্যে আগুন দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।’
পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, ‘এ ঘটনায় জামাতা আলমগীরকে আসামি করে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’



