১২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না

মো. রায়হান
দীর্ঘ ১২ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও মাদক কারবারি মো. রায়হানের (৩০)। রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
গ্রেপ্তার মো. রায়হান (২৪) বরিশাল জেলার বানারীপাড়া থানার ইলুহার এলাকার আ. মান্নানের ছেলে।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
তিনি জানান, গ্রেপ্তার রায়হানের বিরুদ্ধে ২০১৪ সালে বরিশাল জেলার বানারীপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
তবে রায়ের আগেই জামিন নিয়ে গ্রেপ্তার রায়হান আত্মগোপনে চলে যান এবং রায় ঘোষণার সময় তিনি অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
র্যাব জানায়, পরোয়ানা তামিলকারী বানারীপাড়া থানা পুলিশের কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-৮ এর কাছে একটি পত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে র্যাব-৮ যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।





