ড্রেনে পড়ে ছিল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

ড্রেনে মরদেহটি দেখতে ভিড় করেন স্থানীয়রা- আগামীর সময়
কুড়িগ্রামের রাজারহাটে ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রায় ছয় দিন আগে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়। শুক্রবার বিকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।
তারা জানান, উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে শুক্রবার বিকালে ওই ড্রেনের আশপাশে মাছি ভনভন করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড়ের ভেতর নবজাতকের মরদেহ দেখতে পান তারা।
এ বিষয়ে রাজারহাট থানার ওসি মামুনুর রশিদ জানালেন, ‘মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



