নিজ গ্রামের রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন মন্ত্রী জাহিদ

ছবি: আগামীর সময়
সরকারি দায়িত্ব ও রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেও নিজ গ্রামের মানুষের চিকিৎসাসেবা দিয়েছেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
ছুটির দিন শুক্রবার ও শনিবার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজ বাড়িতে রোগীদের চিকিৎসাসেবা দেন তিনি। তার এ উদ্যোগে স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা নিতে আসা মানুষের মধ্যে সন্তোষ দেখা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় দায়িত্ব ও রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি গ্রামের মানুষের খোঁজ-খবর নেন মন্ত্রী। অসুস্থ ও অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়ানোর পাশাপাশি কর্মব্যস্ততার মধ্যেও নিজ এলাকার রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করেন তিনি। শুক্রবার ও শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ফাঁকে রোগীদের সময় দেন এই চিকিৎসক।
স্থানীয় বাসিন্দা সাহিন আলম বলেছেন, ‘মন্ত্রী মহোদয় অনেক ব্যস্ততার মধ্যেও গ্রামের মানুষের খোঁজখবর নেন। অসুস্থ রোগীদের পাশে দাঁড়ানো তার মানবিকতার পরিচয়।’
দিনাজপুর-৬ আসনের হাকিমপুর উপজেলার বাসিন্দা আনছার আলী বলেছেন, ‘আমরা চাই, তিনি এভাবেই সাধারণ মানুষের পাশে থাকুন। এলাকার মানুষের সুখে-দুঃখে তাকে কাছে পাওয়া আমাদের জন্য আনন্দের।’
এক রোগীর স্বজনের ভাষ্য, সারাদিনের ব্যস্ততার পরও রোগীদের সময় দেওয়া প্রশংসনীয় উদ্যোগ। এতে রোগী ও তাদের স্বজনেরা সাহস ও ভরসা পান।
এ বিষয়ে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘বিএনপি সরকার সাধারণ মানুষের সরকার। দেশের উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ সরকার অঙ্গীকারবদ্ধ। আমি একজন চিকিৎসক। সরকারি ও রাজনৈতিক কর্মসূচি পালনের পাশাপাশি নিজের এলাকার অসুস্থ মানুষের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছি। জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখেই দায়িত্ব পালন করে যাচ্ছি।’
তিনি আরও উল্লেখ করেন, ‘জনগণের প্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকা আমার দায়িত্ব। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজের এলাকার অসুস্থ ও অসহায় মানুষের খোঁজখবর নেওয়া এবং সাধ্য অনুযায়ী তাদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করি। সাধারণ মানুষ যেন প্রয়োজনের সময় চিকিৎসাসেবা পান, সেটিই আমার প্রত্যাশা।’



