ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
নিজস্ব প্রতিবেদক, ফেনী

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের লালপুল এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল— সংগৃহীত
ফেনীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের লালপুল এলাকায় ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন কর্মী মহাসড়কে ঝটিকা মিছিল বের করেছে। মিছিলটি ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে অনুষ্ঠিত হয় এবং প্রায় ১৫ থেকে ২০ মিনিট চলার পর লাতু মিয়া ইটভাটার কাছাকাছি গিয়ে অংশগ্রহণকারীরা দ্রুত সরে পড়েন।
এলাকাবাসীর দাবি, মিছিলে ফেনী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নোমান হাবিবকে নেতৃত্ব দিতে দেখা গেছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেছেন, ‘নিষিদ্ধ সংগঠনের প্রকাশ্যে এভাবে মিছিলের কোনো সুযোগ নেই। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘এর আগেও মিছিল হয়েছিল। কিন্তু তখন মামলা দায়ের করা হয়েছে এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
প্রসঙ্গত, গত এক মাসে ফেনীর আরও তিনটি স্থানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে।







