শজিমেক হাসপাতালে এসি বিস্ফোরণে আগুন, পুড়ল চক্ষু ওটির সরঞ্জাম

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এসি বিস্ফোরণে আগুন। ছবি: আগামীর সময়
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের চক্ষু বিভাগের মাইনর অপারেশন থিয়েটারে (ওটি) এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওটিতে থাকা বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
আজ রবিবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এসি বিস্ফোরণের পর কক্ষটিতে আগুন ছড়িয়ে পড়ে। এতে চক্ষু অস্ত্রোপচারে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। পরে হাসপাতালের কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এসি বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর তথ্য সংগ্রহ ও ছবি তুলতে হাসপাতালে গেলে গণমাধ্যমকর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে।
এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। ঘটনার পর ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকে দেখা যায়নি।
এসি বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানিয়েছেন, বিস্ফোরণে চক্ষু বিভাগের অপারেশন থিয়েটারে আগুন লেগে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।




