ভোলায় মা ইলিশ রক্ষায় ১৬ অভিযান, আটক ৪

আটক ৪ জন
মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে শুরু হওয়া ২২ দিনের নিষেধাজ্ঞার প্রথম দিনেই ভোলার সাত উপজেলায় ১৬টি অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ।
এসব অভিযানে ৩৬ হাজার মিটার অবৈধ জাল ও ২০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।
মেঘনা নদীতে অবৈধভাবে মাছ শিকারের দায়ে মনপুরায় চার জেলেকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দিনভর পরিচালিত এসব অভিযানে জব্দ করা অবৈধ জাল মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা ইলিশ মাছ অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে ভোলার ৭ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। মনপুরায় আটক চার জেলেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইন বলেন, ‘মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রতিটি উপজেলায় পৃথক টিম গঠন করা হয়েছে। নদীতে নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।’
তিনি বলেন, ‘মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ২২ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে বাস্তবায়নে মৎস্য বিভাগ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’



