বোয়ালমারী
সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে দোকানে চুরি

ছবি: আগামীর সময়
ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের থানা রোডে সিসি ক্যামেরায় চুইংগাম লাগিয়ে একটি দোকানে অভিনব চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকানের টিনের চালের স্ক্রু খুলে ভেতরে ঢুকে প্রায় ৩ লাখ ২৩ হাজার ৭০০ টাকার সিগারেট ও নগদ টাকা নিয়ে গেছে।
গতকাল শুক্রবার গভীর রাতে পৌর এলাকার 'মোল্যা ফাস্টফুড কর্নার' নামে একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক বিপ্লব মোল্যা (৩৫) বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজার এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বেচাকেনা শেষে দোকান বন্ধ করে বাড়িতে যান বিপ্লব মোল্যা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দোকানে এসে শাটার খুলে ভেতরে প্রবেশ করতেই দেখেন দোকানের টিনের চালের স্ক্রুগুলো খোলা। এরপর ক্যাশ ও মালামাল পরীক্ষা করে দেখেন, দোকানে থাকা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ২০০ কার্টন সিগারেট এবং ক্যাশে রাখা নগদ ৩ হাজার ৭০০ টাকা গায়েব। চুরি হওয়া সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ টাকা।
দোকান মালিক বিপ্লব মোল্যা জানান, চুরির বিষয়টি টের পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে আশপাশের ব্যবসায়ী ও দোকানদারদের ডেকে দেখান। এ ঘটনায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বোয়ালমারী থানার ওসি বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বোয়ালমারী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. নাসিরুদ্দিন জানান, ভুক্তভোগী ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত ও জড়িতদের শনাক্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



