বল প্রয়োগ করলে বলে ফ্যাসিবাদী, না করলে বলে দুর্বল : আইজিপি

কথা বলছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ছবি: আগামীর সময়
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা করতে বল প্রয়োগ করলে পুলিশকে ফ্যাসিবাদী বলা হয়, আর বল প্রয়োগ না করলে দুর্বল মনে করে মানুষ। গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এ পরিস্থিতি নিরসনে কাজ করছে পুলিশ।
আজ শনিবার দুপুরে নগরীর বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে আইনি কাঠামো তৈরি হচ্ছে। এতে কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে দেশব্যাপী যৌথ অভিযান চলছে। পাশাপাশি চাঁদাবাজির অভিযোগে জনগণের অভিযোগ ছাড়াই পুলিশের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করার ক্ষমতা দিতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আইজিপি বলেন, বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে পুলিশ কাজ করছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।




