দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ঘরে মিলল যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ

ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা। ছবি: আগামীর সময়
চুয়াডাঙ্গার জীবননগরে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।গতকাল সোমবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার উথলী গ্রামের বাজারপাড়া (রেলস্টেশন সংলগ্ন) থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
নিহত রবিউল একই এলাকার সালাম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল সারাদিন ধরে দুর্গন্ধ পান বাজারের ব্যবসায়ীরা। পরে তারা পুলিশে খবর দেন।
স্থানীয়দের বরাতে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানিয়েছেন, রবিউল দীর্ঘদিন ধরে উথলী বাজারপাড়ায় বসবাস করতেন। সম্প্রতি সময়ে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। পারিবারিক কলহের কারণে বাড়ি থেকে বের করে দেন তার মা, স্ত্রী ও সন্তানকে।
তিনি জানান, একাকী থাকাকালীন কোনো এক সময়ে তিনি দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ওসি সোলায়মান বলেছেন, ‘বদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে আমরা ভেতরে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পাই। মরদেহের বেশিরভাগ অংশ পচে-গলে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।’






