শেরপুরে অসুস্থ অজ্ঞাত ব্যক্তিকে হাসপাতালে নিলেন সাংবাদিকরা

ছবি: আগামীর সময়
বগুড়ার শেরপুরে রাস্তার পাশে নির্মাণাধীন একটি ভবনের বালুর মেঝেতে দীর্ঘদিন ধরে অসহায় অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাতপরিচয় অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন কয়েকজন গণমাধ্যমকর্মী। তার ডান পায়ের গোড়ালিতে পচন ধরেছে এবং পায়ের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে তিনি নড়াচড়াও করতে পারছিলেন না।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের ভিমজানী গ্রামের রাস্তার পাশ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু ও শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীনের অনুপ্রেরণায় ওই ব্যক্তির অসহায় অবস্থার খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে যান। পরে একটি অটোভ্যানের ব্যবস্থা করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার ক্ষত পরিষ্কার করে ড্রেসিং করেন এবং ওষুধ দেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, সুস্থ হতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে।
উদ্ধারকাজে অংশ নেন গ্লোবাল টিভির সারওয়ার জাহান, দৈনিক আগামীর সময়ের শফিকুল ইসলাম, আরটিভির জিন্না খান, ডন টিভির রুহুল আমিন, তার ভাগিনা মিলনসহ কয়েকজন।
গণমাধ্যমকর্মীরা জানিয়েছেন, আপাতত ওই ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। পাশাপাশি তার পরিচয় শনাক্ত করে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তারা।



