হাজীগঞ্জ
মন্দিরে হামলা-ভাঙচুর মামলায় ৫২ জন খালাস, একজনের কারাদণ্ড

চাঁদপুরের হাজীগঞ্জে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় রাজন নামে এক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগভুক্ত আরও ৫২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদ এ রায় দেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে দুর্গাপূজার ঘটনাকে কেন্দ্র করে হাজীগঞ্জের রামপুর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় অজ্ঞাতনামা প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দির এলাকায় প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে এজাহারে অভিযোগ করা হয়।
এজাহারে মন্দিরের প্রতিমা, স্বর্ণালংকার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা লুটের অভিযোগও করা হয়। এছাড়া মন্দিরে উপস্থিত লোকজনকে মারধর, নারীদের সঙ্গে অশালীন আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়।
এ ঘটনায় মন্দিরের সভাপতি পাপন চন্দ্র সাহা বাদী হয়ে ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করেন বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে মামলার আসামি রাজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে মামলার অপর ৫২ আসামিকে খালাস দেওয়া হয়। রায় ঘোষণার সময় আদালত মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করেন।




