ফতুল্লায় যাত্রীবাহী বাসে ডাকাতি

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে জামালপুর থেকে নারায়ণগঞ্জগামী সিফাত পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ডাকাতি হয়েছে।
ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে বাসের প্রায় ২৫ জন যাত্রীর কাছ থেকে টাকা ও মুঠোফোন লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে পাঁচজনের বিরুদ্ধে।
শনিবার (৩ অক্টোবর) ভোর রাত ৩টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভুইগড় স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
যাত্রীদের ভাষ্য, রাত ১০টার দিকে জামালপুর থেকে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে। পথে সাইনবোর্ড এলাকায় কয়েকজন যাত্রী নেমে যাওয়ার পর বাসটি ভুইগড় এলাকায় পৌঁছায়। সেখানে যাত্রী নামানোর সময় পাঁচজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বাসে ওঠেন।
এ সময় বাসে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ২৫ জন যাত্রী ছিলেন। ডাকাতেরা বাসচালকের বুকে বড় ছুরি ধরে যাত্রীদের ভয় দেখান। পরে একে একে যাত্রীদের কাছ থেকে টাকা ও মুঠোফোন নিয়ে বাস থেকে নেমে পালিয়ে যান বলে অভিযোগ করেন যাত্রীরা।
সিফাত পরিবহনের নারায়ণগঞ্জ কোর্ট এলাকার টিকিট কাউন্টারের কর্মী বিপ্লব বলেন, রাত সাড়ে ৩টার দিকে ডাকাতেরা বাস থেকে নেমে যাওয়ার পর বাসটি যাত্রীদের নিয়ে কোর্ট এলাকার কাউন্টারে আসে। তখন যাত্রীরা তাদের সঙ্গে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানান।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির বলেন, যে এলাকায় বাসটির পথরোধ করা হয়েছিল, তার আশপাশেই পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন। বাসের ভেতর থেকে কেউ চিৎকার করলে পুলিশ দ্রুত সেখানে যেত।
তিনি বলেন, অপরাধীরা চলে যাওয়ার পর বাসচালক ও যাত্রীরা পুলিশকে বিষয়টি জানান। এ ঘটনায় বাসচালক বা যাত্রীরা চাইলে আইনগত ব্যবস্থা নিতে পারবেন।




