মেহেরপুর
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করে থানায় ছেলের আত্মসমর্পণ
মেহেরপুর প্রতিনিধি

ছবি: আগামীর সময়
মেহেরপুর সদরে ঘুমন্ত বাবাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে সাহাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার দুপুরে ঝাউবাড়িয়া গ্রামের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। হত্যার পর সাহাবুল নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত হাবেল শেখ ওরফে হাবেল উদ্দিন পেশায় একজন কৃষক ছিলেন। তিনি ঝাউবাড়িয়া গ্রামের বাসিন্দা।
পুলিশের কাছে সাহাবুল দাবি করেছেন, বাবার গালাগালির কারণে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবীর জানান, ঘুমন্ত অবস্থায় বাবাকে হত্যা করেছেন তার ছেলে। সাহাবুল ইসলাম বর্তমানে পুলিশ হেফাজতে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।




