কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন এমপি বাবুল

ছবি: আগামীর সময়
নওগাঁর মহাদেবপুর উপজেলায় এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
গতকাল শনিবার দুপুরে নেতাকর্মীদের নিয়ে চেরাগপুর ইউনিয়নের গোপালতলা মোড় এলাকায় আলম হোসেনের দেড় বিঘা জমির ধান কেটে দেন তিনি।
আলম বলেছেন, ‘৮-১০ দিন ধরে শ্রমিক না পেয়ে ধান কাটতে পারছিলাম না। ধান নষ্ট হওয়া নিয়ে বেশ চিন্তায় ছিলাম। হঠাৎ এমপি নেতাকর্মীদের নিয়ে আমার ধান কেটে দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।’
এমপিকে কৃষকের পাশে কাজ করতে দেখে অবাক স্থানীয় কৃষক উজ্জ্বল হোসেন— বললেন, ‘সাধারণত নেতাদের মঞ্চেই দেখা যায়; কিন্তু একজন এমপিকে মাঠে নেমে কৃষকের সঙ্গে ধান কাটতে দেখে ভালো লেগেছে।’
‘কৃষকের কষ্ট বুঝে পাশে দাঁড়ানো বড় বিষয়। শুধু বক্তব্য নয়, মাঠে নেমে কাজ করলে তা মানুষের মনে থাকে এবং কৃষকরাও মানসিকভাবে সাহস পান’— মনে করেন স্থানীয় বাসিন্দা বিশু।
সংসদ সদস্য বাবুল জানালেন, মহাদেবপুর ও বদলগাছী উপজেলায় শ্রমিক দলের উদ্যোগে ধান কাটার কার্যক্রম চলছে। বিশেষ করে বিধবা, এতিম ও অসচ্ছল কৃষকদের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
‘যেসব কৃষক শ্রমিক-সংকট বা আর্থিক সমস্যার কারণে ধান কাটতে পারছেন না। তাদের ধান কেটে ঘরে তুলে দিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাজ করবেন। কৃষকরা দেশের অর্থনীতির প্রাণশক্তি। তাই তাদের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব।’
কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কৃষক কার্ড চালুর উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানালেন এই এমপি।




