রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের রেকর্ড ১৩২১ মেগাওয়াট

রামপাল বিদ্যুৎকেন্দ্র
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে।
কেন্দ্রটির দুটি ইউনিট থেকে একসঙ্গে সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। উৎপাদিত বিদ্যুৎ সরাসরি যাচ্ছে জাতীয় গ্রিডে।
শনিবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে ৬৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ৬৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। দুই ইউনিট মিলিয়ে এটাই কেন্দ্রটির সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের মহাব্যবস্থাপক ও প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম।
তিনি বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ থাকার পর বর্তমানে কেন্দ্রটির দুটি ইউনিট থেকেই নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত বিদ্যুৎ চাহিদা অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’
কেন্দ্র সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ২০১০ সালে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। পরে ২০১২ সালের ২৯ জানুয়ারি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) মধ্যে এসংক্রান্ত চুক্তি হয়। চুক্তির আওতায় গঠন করা হয় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)।
দুই ইউনিট থেকে একসঙ্গে ১ হাজার ৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ঘটনা কেন্দ্রটির উৎপাদন সক্ষমতার ক্ষেত্রে নতুন রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।



