অভয়নগরে মদ্যপ অবস্থায় মাতলামি, ৩ জনের কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত তিনজন
যশোরে মদ পান করে প্রকাশ্যে মাতলামির দায়ে দুজনকে সাত দিন এবং একজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টার দিকে অভয়নগরের শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের শিকদার বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারায় এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরোলি গ্রামের তকিবর ফকিরের ছেলে আরমান ফকির (২০), একই গ্রামের তৈয়েবুর মোল্যার ছেলে আপন মোল্যা (১৮) এবং খুলনা জেলার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামের দেলবার শেখের ছেলে ইসরাফিল শেখ (২২)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সুব্রত কুমার রায় জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মদ্যপ অবস্থায় প্রকাশ্যে মাতলামির অভিযোগে আরমান ফকির ও আপন মোল্যাকে ৭ দিন এবং ইসরাফিল শেখকে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও শেখ সালাউদ্দীন দিপু বলেছেন, মদ পান করে প্রকাশ্যে মাতলামি করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬ (৫) ধারায় তাদের দণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে জরিমানাও করা হয়েছে।




