আ. লীগ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে: হুইপ দুলু

ছবি: আগামীর সময়
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ গত ১৭ বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় এসে তারেক রহমানের সরকার শিক্ষার মান উন্নয়নে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গার মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেছেন।
হুইপ দুলু বলেছেন, তারেক রহমানের সরকার এখন রাষ্ট্রীয় ক্ষমতায়। কিছুদিন আগে বাজেটও দিয়েছে। এই বাজেটে স্বাধীনতার পর সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বেশি অর্থ শিক্ষা মন্ত্রণালয় দেওয়া হয়েছে।
একটা জাতিকে ধ্বংস করতে হলে প্রয়োজন তার শিক্ষাকে ধ্বংস করা উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মানুষ যেন এগিয়ে না যেতে পারে। বাংলাদেশের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে, এইজন্য তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।






