ভ্যানিটি ব্যাগে ২ হাজার ইয়াবা, নারী আটক
কক্সবাজার প্রতিনিধি

আটক বেবী আকতার
কক্সবাজার শহরের নতুন বাহারছড়ায় বিআইডব্লিউটিএ ঘাটের পল্টুন থেকে ২ হাজার ইয়াবাসহ বেবী আকতার (৩৮) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক বেবী আকতার কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় কুলালপাড়ার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল জানিয়েছেন, কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন বাহারছড়ায় ৬ নম্বর বিআইডব্লিউটিএ ঘাটের পল্টুনে অভিযান চালানো হয়। এ সময় বেবী আকতারের হাতে থাকা হালকা সবুজ রঙের একটি ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
এ ঘটনায় বেবী আকতারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সোমেন মন্ডল।



