ফ্যাসিবাদী শক্তির উত্থান হলে দায় জামায়াতকে নিতে হবে: শামা ওবায়েদ

ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য দিচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
বাংলাদেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দায় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে শামা ওবায়েদ বলেন, ‘বিরোধী দল দায়িত্বশীল ভূমিকা পালন না করলে সেই সুযোগে ফ্যাসিবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এমন পরিস্থিতি তৈরি হলে এর দায় জামায়াতে ইসলামীকে নিতে হবে।’
তিনি বলেন, ‘১৭ বছর নির্যাতন দেখেছি, হামলা-মামলা দেখেছি, গুম দেখেছি। ছাত্র-জনতা যখন স্বৈরাচারকে পরাজিত করেছে এবং দেশ যখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে, তখন আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।’
বিদ্যুৎ খাত প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে এ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। তার দাবি, ইউনূস সরকারের সময়ও বিদ্যুৎ খাতে উল্লেখযোগ্য কাজ হয়নি।’
বর্তমান সরকার এ খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।’
দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘দলের ভেতরে যেন স্বৈরাচারী শক্তি প্রবেশ করে কোনো ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের আড়াল করা বা তাদের অপমানের চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধেও বিএনপির অবস্থান রয়েছে বলে জানান তিনি।’
এর আগে নগরকান্দা সদর পেট্রোল পাম্প থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নগরকান্দা এমএন একাডেমি মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



