জামায়াতের উত্থানে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা বাড়বে, ফেসবুক পোস্টে মাহফুজ আলম

মাহফুজ আলম। সংগৃহীত ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্থান যত বাড়বে, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনাও তত অনিবার্য হয়ে উঠবে বলে উল্লেখ করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘জুলাই পরবর্তী রাজনীতির আজব দশা’ শিরোনামে দেওয়া এক পোস্টে এ বক্তব্য জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেছেন, অন্তর্বর্তী সরকারের আমল থেকেই সেক্যুলার সিভিল সোসাইটির বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জামায়াতে ইসলামী এবং ‘৭২ আদার্সের’ প্রতি আনুগত্য প্রদর্শন দেখে আসছেন তিনি। ক্ষমতার আকাঙ্ক্ষা ও সংস্কারের নামে বিএনপির বিরোধিতা করতে গিয়ে অনেকে জামায়াতের ঘনিষ্ঠ হয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
মাহফুজ আলমের ভাষ্য, জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর অনেকে সেখান থেকে বেরিয়ে আসতে না পেরে এখনো সেই অবস্থানে রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও চাপের কারণে অনেককে ডানপন্থা থেকে উগ্র ডানপন্থার দিকে যেতে দেখেছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। তার মতামত অনুযায়ী, এসব ডিজিটাল মব মূলত পরিকল্পিত প্রচারণা ও ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রক্রিয়া। বাংলাদেশ এরই মধ্যে ডানপন্থার দিকে এগিয়ে গেছে বলে মনে করেন তিনি।
পোস্টে মাহফুজ আলম লিখেছেন, ‘সংস্কারের নামে বিএনপির বিরোধিতা করতে গিয়ে জামায়াতের কাছে যাওয়ার খেসারত সেক্যুলার সমাজকে দিতে হবে। একইভাবে জামায়াতকে সহযোগিতা করার কারণে ঐতিহ্যবাহী আলেম সমাজকেও এর মূল্য দিতে হবে। এতে শেষ পর্যন্ত জামায়াতই লাভবান হবে।’
ভবিষ্যৎ রাজনীতির চিত্র তুলে ধরে তিনি লেখেন, ‘জামায়াতের জন্য ভালো সময় আসছে। দলটির রাজনৈতিক উত্থান যত বাড়বে, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনাও তত অনিবার্য হয়ে উঠবে।’
মাহফুজ আলম লিখেছেন, ‘উই আর গোয়িং ব্যাক টু সেভেন্টি ওয়ান।’ তার ধারণা ভবিষ্যতে বিএনপির একাংশ জামায়াতের রাজনৈতিক বলয়ে এবং অন্য অংশ আওয়ামী লীগের রাজনৈতিক বলয়ে অবস্থান নিতে পারে।
পোস্টের শেষাংশে তিনি অন্যদের জামায়াতের প্রযোজনায় চলা ‘কালচারাল ওয়ার’ বা সাংস্কৃতিক লড়াইয়ে ব্যস্ত থাকার কথা উল্লেখ করেন।




