পুকুরে ডুবে প্রাণ গেল শিশু হাবিবের

ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে ডুবে হাবিব নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাবিব ওই এলাকার ফয়সাল মিয়ার একমাত্র সন্তান।
স্থানীয়রা জানালেন, বেলা আড়াইটার দিকে বাড়ির পাশে খেলছিল শিশু হাবিব। একপর্যায়ে সবার অগোচরে পাশের পুকুরে পড়ে যায় সে। তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন তারা। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আক্কল ভূঁইয়া জানালেন, খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা উদ্ধার করলেও শেষ পর্যন্ত হাবিবকে বাঁচানো সম্ভব হয়নি।
নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ লাল ঘোষ বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরে জানানো হবে বিস্তারিত তথ্য।




