রাজবাড়ী
ফেসবুক স্ট্যাটাস নিয়ে বিরোধ, বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত বৃদ্ধ
ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজবাড়ীর কালুখালীর বোয়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
নিহতের পরিবারের অভিযোগ, একটি ফেসবুক স্ট্যাটাস ও এর মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে শুক্রবার সকালে নজরুল ইসলাম ও তার পরিবারের সঙ্গে প্রতিবেশী ইমান সরদার, তার স্ত্রী বুলু, ছেলে তুহিন ও মেয়ে গোলাপীর সংঘর্ষ হয়।
নিহতের পরিবারের দাবি, সংঘর্ষের একপর্যায়ে নজরুল ইসলাম খানকে বেধড়ক মারধর করা হয়। এ সময় তার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে রুনা বললেন, ‘ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে প্রতিবেশীদের সঙ্গে আমাদের বিরোধের সৃষ্টি হয়। পরে তারা হামলা চালিয়ে আমার বাবাকে বেধড়ক মারধর করেন। মারধরের একপর্যায়ে মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই আমার বাবা মারা যান।’ তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
খবর পেয়ে কালুখালী থানা পুলিশ নজরুল ইসলাম খানের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল ঘটনার বিষয়টি নিশ্চিত করে বললেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে আটক করা হয়েছে।’



