বহিষ্কৃত বিএনপি নেতার হামলায় প্রবাসী যুবক নিহত, আশঙ্কাজনক বাবা

নিহত যুবক
নেত্রকোনায় বসতঘরের সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবির হোসেন (২২) নামে এক সৌদিপ্রবাসী নিহত হয়েছেন।
এ ঘটনায় তার বাবা এনামুল হক (৪৭) গুরুতর আহত হয়েছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্বজন ও চিকিৎসকরা।
গতকাল মঙ্গলবার বিকালে কেন্দুয়ার রোয়াইলবাড়ী ইউনিয়নের পুরানবাড়ী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আজ বুধবার সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
নিহত আবির দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। মাত্র এক সপ্তাহ আগে ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন তিনি। বাড়িতে ঘর তৈরি করে বিয়ে করার ইচ্ছা ছিল তার।
স্থানীয়রা জানান, বসতঘরের সীমানা নির্ধারণ নিয়ে আবিরের বাবা এনামুল হকের সঙ্গে তার চাচাতো ভাই বকুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘর নির্মাণকে কেন্দ্র করে মঙ্গলবার বিকালে বকুল মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে এনামুল হকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় এনামুল হক ও তার ছেলে আবিরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৮টার দিকে আবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আহত এনামুল হক রোয়াইলবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত বকুল মিয়া তার চাচাতো ভাই এবং ওয়ার্ড বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক।
বুধবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আবিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে স্বজনেরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার পর থেকে অভিযুক্ত বকুল মিয়াসহ হামলায় জড়িত ব্যক্তিরা আত্মগোপনে রয়েছেন। বকুল মিয়ার মোবাইলও বন্ধ পাওয়া গেছে।
কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ‘বসতঘরের সীমানা বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ময়নাতদন্ত শেষ হয়েছে। লাশ এখনো এলাকায় পৌঁছায়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দিলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’



