কক্সবাজার
প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ৮ হাজার পিস ইয়াবা, আটক ২

সংগৃহীত ছবি
কক্সবাজারে একটি প্রাইভেট কার থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা হয়েছে গাড়ির চালক ও যাত্রীকে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি চালায় বিজিবির রামু ব্যাটালিয়ন।
ব্যাটালিয়নের (৩০ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুস সাকীব খান এসব জানিয়েছেন।
তার তথ্য, অভিযানে রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি প্রাইভেট কার থামানো হয়। ব্যাপক তল্লাশি চালিয়ে গাড়ির ড্যাশবোর্ডে কৌশলে লুকানো ইয়াবাগুলো জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, টেকনাফের নতুন পল্লানপাড়া এলাকার লাল মোহাম্মদের ছেলে মো. রফিক (৩৫) এবং ডেলপাড়া এলাকার রওশন আলীর ছেলে মো. সাইদুল ইসলাম (৩৫)।
বিজিবির দাবি, জব্দ ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ টাকা। ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক জানালেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।







