রংপুর
শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতি রক্ষায় স্মারকলিপি

ছবি: আগামীর সময়
আসন্ন দুর্গোৎসবে মন্দির-মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে রংপুরের জেলা প্রশাসক এবং পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। মহানগর নাগরিক কমিটির উদ্যোগে আজ সোমবার দুপুরে এই স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে বলা হয়, শারদীয় দুর্গোৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ উৎসব। এ উৎসব নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্বের পাশাপাশি সকলের সামাজিক কর্তব্য।
এতে বলা হয়, রংপুর মহানগরীর সকল মন্দির ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার স্বার্থে পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মন্দির-পূজামণ্ডপ চিহ্নিত করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ, প্রয়োজন অনুযায়ী পূজামণ্ডপ, প্রবেশপথ ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং বিদ্যমান ক্যামেরা সচল করা, জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, ফায়ার সার্ভিস, চিকিৎসাসেবা ও প্রশাসনের সমন্বিত ব্যবস্থা এবং দ্রুত যোগাযোগের হটলাইন নিশ্চিত, সাম্প্রদায়িক উসকানি, গুজব, সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্বেষমূলক প্রচারণা, প্রতিমা ভাঙচুর ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ, পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে নিয়মিত নিরাপত্তা সমন্বয় সভার আয়োজন, নারী, শিশু, প্রবীণ ও দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত, যানজট নিয়ন্ত্রণ এবং অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা নিরাপত্তাঝুঁকির অভিযোগ দ্রুত গ্রহণসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, প্রশাসনের সময়োপযোগী উদ্যোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা এবং নাগরিকদের সহযোগিতায় রংপুর মহানগরীতে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় দুর্গোৎসব উদ্যাপন সম্ভব হবে। তারা জননিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্বার্থে উপর্যুক্ত দাবিসমূহ গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার স্মারকলিপি গ্রহণকালে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে সংগঠনের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, এ বি এম মসিউর রহমান, বীথি দাস নন্দিনী, মাহফুজ হোসেন, মেহেদী হাসান তরুণ, মাহবুব আলম প্রমুখ উপস্থিত ছিলেন।



