পূজা মণ্ডপ ও মসজিদে প্রবাসীর উপহার

হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুটিজানা ইউনিয়নের ২১টি পূজামণ্ডপ ও ১১৮টি মসজিদে ১০ হাজার টাকা করে মোট ১৩ লাখ ৯০ হাজার টাকা উপহার দিয়েছেন সিঙ্গাপুরপ্রবাসী রাজিব হোসাইন সাদ্দাম।
আজ বৃহস্পতিবার কেশরগঞ্জ বাজারের শাফী ইন্টারন্যাশনাল বিদ্যালয় মাঠে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দেন তার বাবা জিন্নাহ খান।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পুটিজানা ইউনিয়নের সব পূজামণ্ডপ ও মসজিদের তালিকা করে ১৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে তার বাবার মাধ্যমে মোট ১৩ লাখ ৯০ হাজার টাকা উপহার দেন তিনি।
দাওশা দরগাবাড়ি মসজিদের ইমাম হাফেজ সিয়াম মিয়া ও শিবগঞ্জ বাজার কর্মকারবাড়ি পূজামণ্ডপের সভাপতি পরিমল চন্দ্র পাল বলেন, সিঙ্গাপুরপ্রবাসী সাদ্দাম নিজ অর্থায়নে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেন। এবার তিনি ইউনিয়নের ২১টি পূজামণ্ডপ ও ১১৮টি মসজিদে ১০ হাজার টাকা করে উপহার দিয়েছেন।
রাজিব হোসাইন সাদ্দাম বলেন, ‘গ্রামের দরিদ্র ও অসহায় মানুষ এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করি। হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুটিজানা ইউনিয়নের সব পূজামণ্ডপ ও মসজিদে প্রায় ১৪ লাখ টাকা উপহার দিয়েছি।’



