পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি: আগামীর সময়
পঞ্চগড় সুগার মিল গেট এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জয়নাল আবেদীন। তিনি তেঁতুলিয়ার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত এলাকার মৃত আসির উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র থেকে জানা গেছে, পূবালী ব্যাংক, বোদা শাখায় কর্মরত জয়নাল প্রতিদিনের মতো বাড়ি থেকে সকালে কর্মস্থলে যান। এরপরে দাপ্তরিক কাজে তিনি পঞ্চগড়ে কাজ সেরে আবার বোদা শাখায় ফেরার পথে মোটরসাইকেল চালিয়ে সুগার মিল এলাকায় পৌঁছালে সামনে অটোবাইক থাকায় হঠাৎ ব্রেক চাপেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি নিচে চাপা পড়েন।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. রেজয়ানা রিয়াজ জানান, সড়ক দুর্ঘটনায় জয়নাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি মকলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চালক পলাতক রয়েছে। তবে, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম চলমান।






