ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদলের সাবেক নেতা

রাজনীতি জীবনের একটি অধ্যায় মাত্র, এমন উপলব্ধি থেকে দীর্ঘ রাজনৈতিক পথচলার ইতি টানলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শেরপুর জেলা শাখার সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক রাজিব আহমেদ।
রবিবার (১১ অক্টোবর) রাত ১টা ২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আবেগঘন স্ট্যাটাস দিয়ে রাজনীতি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দেন তিনি।
ফেসবুক পোস্টে রাজিব আহমেদ লেখেন, রাজনীতির পথচলায় আজ তিনি এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছেন, যেখানে পেছনে তাকালে স্মৃতি, আবেগ, ভালোবাসা, ত্যাগ ও অপ্রাপ্তির গল্প ভেসে ওঠে। রাজনীতি একসময় মানুষের পাশে দাঁড়ানো ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলার স্বপ্ন ছিল উল্লেখ করে তিনি জানান, সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে।
তিনি বলেন, "এই বিদায় কারও বিরুদ্ধে অভিযোগ নয়, কারও প্রতি বিদ্বেষ নয়, কিংবা অতীতকে অস্বীকার করাও নয়। এটি আমার জীবনের একটি অধ্যায় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত। যে পথ ধরে হেঁটেছি, সেই পথের প্রতি থাকবে সম্মান; যাঁরা পাশে ছিলেন, তাঁদের প্রতি থাকবে কৃতজ্ঞতা; আর যাঁদের সঙ্গে মতের অমিল হয়েছে, তাঁদের প্রতিও থাকবে শ্রদ্ধা।"
দীর্ঘ রাজনৈতিক জীবনে অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে তিনি আরও লেখেন, "রাজনীতি জীবনের একটি অধ্যায় মাত্র; কিন্তু মানুষ হিসেবে আমাদের পরিচয়, বিবেক, সম্পর্ক আর মানবিকতাই শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ। পদ-পদবি একদিন থাকবে না, পরিচয়ের জৌলুস একদিন ম্লান হয়ে যাবে। কিন্তু মানুষের হৃদয়ে যদি সামান্য ভালোবাসার জায়গা করে নেওয়া যায়, সেটুকুই হবে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।"
সাধারণ মানুষ হিসেবে সবার কাছে দোয়া চেয়ে জীবনের বাকি সময় সততা, সম্মান ও মানবিকতা নিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তার এই বিদায়ের পোস্টে স্থানীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই তার রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।



