গাংনীতে দুই বাড়ির সামনে থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ছবি: আগামীর সময়
মেহেরপুরের গাংনী উপজেলার দুটি বাড়ির গেটের সামনে থেকে কালো টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা বস্তু দুটি রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের বিলপাড়া এলাকায় নেজাম উদ্দিন ও তার চাচাতো ভাই ইমদাদুল হকের বাড়ির মূল গেটের সামনে কালো টেপে মোড়ানো বস্তু দুটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে।
ইমদাদুল হকের ছেলে হোসেন জানিয়েছেন, রাতে পরিবারের সবাই দরজা-জানালা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে কালো টেপে মোড়ানো দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পান। পরে ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে ক্যাম্প ইনচার্জ আব্দুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে এসে বস্তু দুটি উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য মোহনা আলী বলেছেন, ‘নওদাপাড়া গ্রামের বিলপাড়া এলাকায় দুই চাচাতো ভাইয়ের বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে পুলিশকে জানানো হলে তারা বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
দুই চাচাতো ভাইয়ের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, তাদের কোনো দলীয় পদ-পদবি নেই। তবে তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থক।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে ভবানীপুর পুলিশ ক্যাম্পের সদস্যদের পাঠানো হয়েছে। উদ্ধার করা বস্তু দুটি পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।







