বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই নিহত

সংগৃহীত ছবি
ঝিনাইদহ সদর উপজেলার বকশিপুর গ্রামে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই সোহান মন্ডল (২৬) নিহত হয়েছেন।
আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডল (৩০) পলাতক রয়েছেন।
নিহত সোহান মন্ডল ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে।
নিহতের পরিবার ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শনিবার বিকালে পারিবারিক কলহের জেরে সুমন মন্ডলের সঙ্গে সোহানের স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে ছোট ভাই সোহানের সঙ্গে বড় ভাই সুমনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথায় আঘাত করেন।
সোহানের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যান সুমন। পরে স্থানীয়রা সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত সুমন মন্ডলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। সোহানের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



