আগামীর সময়

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১২ শিশু

লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ১২ শিশু

ছবিঃ আগামীর সময়

লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে দিন দিন বাড়ছে হাম আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। এমন খবরে উদ্বেগ ছড়িয়েছে অভিভাবকদের মাঝে। ছোট ছোট শিশুরা জ্বর, ফুসকুড়ি ও শ্বাসকষ্ট নিয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে।

এ পর্যন্ত গত ৩ মাসে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯ জন শিশু। এর মধ্যে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪ জন।

শনিবার (৪ এপ্রিল) এসব তথ্য জানিশেছেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন।

তিনি জানান, ৩৯ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে ৪ জনের। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ জন শিশু। এ দিকে সদর হাসপাতালে চালু করা হয়েছে ১০ শয্যার আইস্যুলেশন ওয়ার্ড।

সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের বাসিন্দা সেলিনা জাহান জানান, কয়েক দিন ধরে জ্বর, কাশি, চুলকানি ও বমিতে ভুগছিল তার সন্তান। অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় সদর হাসপাতালে। টুমচর এলাকার ১০ মাস বয়সী এক শিশুকে একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করেছেন তার মা-বাবা।

শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মোরশেদ আলম হিরু বলেছেন, লক্ষ্মীপুর জেলায় এ মুহুর্তে হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের যে রোগীর সংখ্যা তা নিয়ন্ত্রণের মধ্যে।

হামের টিকা না নেওয়া শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি। তবে সময়মতো চিকিৎসা ও সঠিক যত্ন নিলে এই রোগ থেকে সুস্থ হওয়া সম্ভব।শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল।

    শেয়ার করুন: