বালতির পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ছবি: আগামীর সময়
মাদারীপুরের শিবচরে বালতির পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম সাইমা। শিশুটি উপজেলার কুতুবপুর ইউনিয়নের হাজী করিম শিকদারকান্দি গ্রামের সাইফুল শিকদারের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, আজ বিকালে সাইমা বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে ঘরের ভেতরে থাকা পানিভর্তি একটি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে পানিভর্তি বালতি থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জমিল হোসেন খান বলেন, দুই বছর বয়সী শিশুটিকে ইমার্জেন্সিতে আনা হয়। টয়লেটের একটি বালতিতে পানি ছিল। ওই বালতির পানিতেই ডুবে তার মৃত্যু হয়েছে।
শিবচর থানার ওসি কামাল হোসেন বলেন, কুতুবপুরের ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।



