রূপগঞ্জে যুবদল কর্মীকে হত্যার হুমকি, ফাঁকা গুলি

গ্রাফিকস: আগামীর সময়
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চুরির ঘটনার বিচার-সালিশকে কেন্দ্র করে খালেদ মাহমুদ নামে এক যুবদল কর্মীকে হত্যার হুমকি ও কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) নেতা সাত্তার চৌধুরীর বিরুদ্ধে।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বাঘমোচড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সাত্তার চৌধুরী রূপগঞ্জ উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক। আর খালেদ মাহমুদ গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওমর হোসেনের নেতৃত্বে রাজনীতি করেন।
খালেদ মাহমুদ জানান, বাঘমোচড়া এলাকায় তিনি পাটোয়ারী ফার্নিচার নামে একটি ফার্নিচারের দোকান পরিচালনা করেন। গত বুধবার তার পাশের একটি দোকানে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় জাসাস নেতা সাত্তার চৌধুরীর অনুসারী ইমন জড়িত ছিলেন বলে অভিযোগ ওঠে। পরে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিচার-সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করেন।
খালেদের দাবি, এ ঘটনার জেরে শুক্রবার রাতে সাত্তার চৌধুরী, তার ভাতিজা চুন্নু, মিন্টু, অনুসারী বাবু, ফেরদৌস, ইমনসহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্র নিয়ে তার দোকানের সামনে আসেন। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা তাকে হত্যার হুমকি দিয়ে চলে যান।
খালেদ আরও জানান, পরে ওই রাতেই তারা আবার তার দোকানের সামনে এসে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন। এতে তিনি ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। এ ঘটনায় তিনি বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগের বিষয়ে রূপগঞ্জ উপজেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক সাত্তার চৌধুরী দাবি করেন, একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে কাজ করছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় এবং ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।
রূপগঞ্জ থানার ওসি সালাউদ্দিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



