১৫০ টাকার জন্য মাথায় বাড়ি, প্রাণ গেল কৃষকের

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১৫০ টাকা ভাড়ায় ট্রাক্টর দিয়ে হালচাষ করেছিলেন কৃষক আবদুস সালাম মালিথা (৪৮)। সেই টাকা নিয়ে তার সঙ্গে দ্বন্দ্ব হয় পাওনাদারের। তর্কবিতর্কের একপর্যায়ে ওই কৃষকের মাথায় বাড়ি দেন পাওনাদার। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মৃত্যু হয়েছে তার।
পরিবারের সদস্যরা জানালেন, উপজেলার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা বাজারে গত ১২ অক্টোবর সন্ধ্যায় মাথায় আঘাতের পর হাসপাতালে নিলে অবস্থার আরও অবনতি হয়। নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। পাঁচ দিন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন তিনি। গতকাল দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
তার মরদেহ বাড়িতে পৌঁছালে শেষবারের মতো এক নজর দেখতে ছুটে আসেন হাজারো মানুষ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে মোড়ভাঙ্গা চরচাঁদপুর গ্রামের পরিবেশ।
স্থানীয় সূত্র ও স্বজনদের অভিযোগ, জমি চাষের ট্রাক্টর ভাড়ার বকেয়া ১৫০ টাকা নিয়ে একই গ্রামের ট্রাক্টরচালক আরিফের (৩৫) সঙ্গে সালামের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ একটি বড় কাঠের টুকরা দিয়ে সালামের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তার বুকে ও পিঠেও লাথি মারা হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল বাদ মাগরিব মোড়ভাঙ্গা চরচাঁদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
সালামের মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বজন ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আলমডাঙ্গা থানার ওসি রকিবুল ইসলাম জানালেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



