চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

সংগৃহীত ছবি
দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলু ইসলাম (৪২) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার আলোকডিহি ইউনিয়নের তেলীপাড়া এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলু ইসলাম আলোকডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নতুন বাড়ি নির্মাণ করেন দুলু ইসলাম। সোমবার বিকেলে পুরোনো বাড়ি থেকে বিদ্যুতের মিটার নতুন বাড়িতে স্থানান্তরের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলোকডিহি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. অলিমদ্দিন এবং ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাফি দুলু ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




