নারায়ণগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা বিএনপি নেতার

বাঁ থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও রেজা রিপন
নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
গতকাল শনিবার বিকালে শহরের চাষাঢ়া মিশনপাড়া এলাকায় আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এনসিপি নেতাদের বিরুদ্ধে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে ফতেহ মোহাম্মদ রেজা রিপন অভিযোগ করে বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কেউ অবমাননাকর মন্তব্য করলে তার প্রতিবাদ করা দলের নেতা-কর্মীদের দায়িত্ব। তারেক রহমানকে দেশের একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে উল্লেখ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিএনপির এই নেতা বলেছেন, গত ১৭ বছরে পাটওয়ারীর রাজনৈতিক ভূমিকা নিয়ে তার প্রশ্ন রয়েছে। পাটওয়ারী আগে একটি প্রতিষ্ঠানে সেলস এক্সিকিউটিভ হিসেবে চাকরি করতেন এবং এ সংক্রান্ত ছবি তার কাছে রয়েছে। একই বক্তব্যে তিনি আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ জুলাই আন্দোলনের আগে কয়েকজনের রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন।
রেজা রিপন জানান, বিএনপির নেতা-কর্মীরা গত ১৭ বছর নানা ধরনের নির্যাতন ও দমন-পীড়নের মধ্য দিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছেন। সেই প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক নেতৃত্বের সমালোচনার জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে তিনি ঘোষণা করেন, মহানগর বিএনপির পক্ষ থেকে তাকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। ভবিষ্যতে তিনি নারায়ণগঞ্জে এলে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। তার ভাষ্য, বিভিন্ন সমালোচনায় দল বা তারেক রহমানের রাজনৈতিক অবস্থানের কোনো ক্ষতি হবে না। তবে এসব বক্তব্যের প্রতিবাদ করা দলের দায়িত্ব।
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আওলাদ হোসেন এবং নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা প্রমুখ।







