মরিচক্ষেতে ১০ ফুট লম্বা গাঁজা গাছ

জব্দ করা গাঁজা গাছ— সংগৃহীত
কুড়িগ্রামের মরিচক্ষেতের ভেতর অবৈধভাবে চাষ করা প্রায় ১০ ফুট উঁচু একটি গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট কৃষকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
আজ শনিবার বিকালে ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের খোঁচাবাড়ি বটতলা এলাকার দুর্গম চরাঞ্চলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছটি উদ্ধার করা হয়। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, কৃষক ইউসুফ মিয়া দুধকুমার নদের পাড়ে জেগে ওঠা চরে তার মরিচক্ষেতের মধ্যে গোপনে গাঁজা গাছটি রোপণ করেন। প্রায় দুই বছর ধরে পরিচর্যার ফলে গাছটি প্রায় ১০ ফুট লম্বা হয়। তবে গাছে ফুল আসার আগেই সেটি পুলিশের নজরে পড়ে।
অভিযানে মরিচক্ষেতের মধ্যে থাকা বৃহৎ আকৃতির গাঁজা গাছটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ আরও জানিয়েছে, ওই এলাকায় অন্য কোথাও গাঁজার চাষ করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখতে তল্লাশি অব্যাহত।
এ বিষয়ে এএসপি মুনতাসির মামুন মুন বললেন, ‘চরাঞ্চলের কিছু দরিদ্র কৃষক অধিক মুনাফার আশায় মাদক কারবারিদের প্ররোচনায় পড়ে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের চাষে জড়িয়ে পড়েন। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।’





