জামালপুর
চার প্রাণহানির পর রাজীব পরিবহন বন্ধের দাবি, দুই বাসে ভাঙচুর

ছবি: আগামীর সময়
সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন জামালপুরের নান্দিনার স্থানীয় ছাত্র-জনতা। রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের একপর্যায়ে ঢাকা ও জামালপুরগামী পরিবহনটির দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে বাস দুটি নান্দিনা পূর্ববাজার খেলার মাঠ এলাকায় নিয়ে ভাঙচুর করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নান্দিনা রেলস্টেশন ও ছেঁড়া মার্কেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা রাজীব পরিবহনের রুট পারমিট বাতিল, বাস চলাচল বন্ধ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ সময় বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে সাম্প্রতিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, কর্মসূচি চলাকালে ঢাকা থেকে জামালপুরগামী এবং জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের দুটি বাস থামানো হয়। পরে বাস দুটির যাত্রীদের নিরাপদে নামিয়ে দিয়ে বাস দুটি নান্দিনা পূর্ববাজার খেলার মাঠ এলাকায় নেওয়া হয়। সেখানে সেগুলোতে ভাঙচুর চালানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজীব পরিবহনের কিছু বাস দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে চলাচল করছে। এতে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তারা পরিবহন খাতের অনিয়ম ও কথিত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা।
গত সোমবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা ঈদগাহ মাঠ এলাকায় রাজীব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে একটি ইজিবাইকের ওপর পড়ে যায়। এতে চারজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এরপর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।
বাস ভাঙচুরের ঘটনায় কোনো যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর রাজীব পরিবহনের চালক ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ‘মানববন্ধন কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছিল। বাস ভাঙচুরের বিষয়টি শুনেছি। বর্তমানে বাস দুটি মালিকপক্ষের জিম্মায় রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’






