হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালাল শ্বশুরবাড়ির লোক

সংগৃহীত ছবি
শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিমু আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেছেন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোক। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিমু আক্তার নড়িয়া পৌরসভার বাড়ৈপাড়া এলাকার কুদ্দুস খানের স্ত্রী। তার বাবার বাড়ি ঢাকায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কুদ্দুস খান অচেতন অবস্থায় স্ত্রী শিমু আক্তারকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। শিমু আক্তারের গলা ও ঘাড়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই কুদ্দুস খান ও তার পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানায়।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানিয়েছেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।




