বোয়ালমারী
দাদাকে খুঁজতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আবিদ শেখ
ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরে ডুবে আবিদ শেখ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোলনা পূর্বপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আবিদ শেখ গ্রামের হাসেম শেখের নাতি এবং সৌদি আরবপ্রবাসী কামাল শেখের একমাত্র ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কিছু সময় আগে শিশু আবিদ তার দাদার সঙ্গে স্থানীয় সিদ্দিকুর রহমান চেয়ারম্যানের পুকুরে গোসল করে বাড়িতে ফেরে। পরবর্তীতে বাড়িতে দাদাকে দেখতে না পেয়ে, তাকে খুঁজতে সে আবারও একা ওই পুকুরপাড়ে চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরের গভীর পানিতে পড়ে তলিয়ে যায় শিশুটি। কিছুক্ষণ পর রাস্তা দিয়ে যাওয়ার সময় পার্শ্ববর্তী কুশাডাঙ্গা গ্রামের আলতাব হোসেন নামে এক ব্যক্তি শিশুটিকে পানিতে ভাসতে দেখেন। তিনি তাৎক্ষণিকভাবে পুকুরে নেমে আবিদকে উদ্ধার করেন। পরে প্রতিবেশীরা দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. সাদ বিন মেহের জানান, বেলা ১২টার দিকে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পাই।



