রাজৈর
জমি নিয়ে বিরোধে অসহায় পরিবারের ঘর-বাড়ি ভাঙচুর, আহত ৩

ছবি: আগামীর সময়
মাদারীপুরের রাজৈরে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। এ সময় একটি পরিবারের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলমদস্তার গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলমদস্তার গ্রামের বাসিন্দা বুলু চৌধুরী (৭০) গংদের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে সাহেব আলী কবিরাজের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়।
হামলায় বুলু চৌধুরী (৭০), শারমিন (৪৫) ও সামর্থ্য হাওলাদার গুরুতর আহত হন। এ সময় হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
রাজৈর থানার ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




