তেঁতুলিয়ায় ১৩ দিনের ব্যবধানে আবারও বার্মিজ অজগর উদ্ধার

প্রায় ১০ কেজি ওজনের অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। ছবি: আগামীর সময়
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আবারও প্রায় ১০ কেজি ওজনের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। অজগরটির দৈর্ঘ্য প্রায় ৮ ফুট।
গতকাল সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামের মো. ইসরাইলের বাড়ির পাশের একটি গর্ত থেকে স্থানীয়রা উদ্ধার করেন অজগরটি। পরে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় সাপটিকে।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে ইসরাইলের বাড়ির পাশের একটি গর্তে অজগরটি দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে কয়েকজন স্থানীয় বাসিন্দা সেখানে গিয়ে নিরাপদে অজগরটি উদ্ধার করেন। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে সাপটি নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা শাহিনুর ইসলাম জানিয়েছেন, সকালে একটি গর্তে অজগরটি দেখতে পান তিনি।
তেঁতুলিয়া বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (বিট) নুরুল হুদা জানিয়েছেন, উদ্ধার হওয়া অজগরটির ওজন আনুমানিক ১০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৮ ফুট। সাপটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরবর্তীতে উপযুক্ত পরিবেশে সেটিকে অবমুক্ত করা হবে।
গত ২৯ সেপ্টেম্বর তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে প্রায় ১৩ কেজি ওজনের আরেকটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়। মাত্র ১৩ দিনের ব্যবধানে একই উপজেলায় দুটি অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। পাশাপাশি অজগরসহ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা নিয়েও আলোচনা দেখা দিয়েছে।




