নানা বাড়ি বেড়াতে এসে প্রাণ গেলো নাতনির

ছবি: আগামীর সময়
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের দীননাথপাড়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আফসানা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নানাবাড়ির পুকুরে গোসল করতে নেমে এ দুর্ঘটনা ঘটে। আফসানা পাশের শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আল আমিনের মেয়ে।
লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল মান্নান শেখ জানান, প্রায় পাঁচ দিন আগে আফসানা নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়। এ ঘটনায় আফসানার পরিবারসহ নানাবাড়িতে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, নানাবাড়িতে বেড়াতে আসার পর বুধবার দুপুরে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে পুকুরে গোসল করতে নামে আফসানা। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। খোঁজাখুঁজির পর নানাবাড়ির লোকজন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন।



