উখিয়া
লোকালয়ে ঢুকে পড়া অজগর বনে অবমুক্ত
কক্সবাজার প্রতিনিধি

ছবি: আগামীর সময়
কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়া একটি বার্মিজ অজগর উদ্ধার করে প্রাকৃতিক বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় অজগরটি দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দেওয়া হলে ইনানী রেঞ্জের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।
বন বিভাগ সূত্র জানায়, জালিয়াপালং বিট কর্মকর্তা মো. রোকনুজ্জামানের নেতৃত্বে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে অজগরটি নিরাপদ ও সুস্থ অবস্থায় উদ্ধার করে। পরে একই দিন দুপুরে জালিয়াপালং বিটের গহীন জঙ্গলে অজগরটিকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
ইনানী রেঞ্জ কর্মকর্তা মো. বাচ্চু মিয়া বলেছেন, লোকালয়ে বন্যপ্রাণী প্রবেশ করলে আতঙ্কিত না হয়ে বন বিভাগকে খবর দেওয়া উচিত। বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের এ ধরনের উদ্ধার ও অবমুক্ত কার্যক্রম অব্যাহত থাকবে।




