চট্টগ্রামে ‘ফেস্টিভিস্তা’ মেলায় ক্রেতার ঢল, ৪ দিনে দেড় লাখ

অনলাইনে পণ্যের ছবি ও ভিডিও দেখিয়ে ব্যবসা করা উদ্যোক্তাদের সরাসরি ক্রেতার সামনে পণ্য তুলে ধরার সুযোগ তৈরি করতে চট্টগ্রামের আগ্রাবাদে বসেছে ‘ফেস্টিভিস্তা গ্র্যান্ড ওয়েডিং এক্সিবিশন’। সপ্তাহব্যাপী এ আয়োজনে পোশাক, দেশীয় হস্তশিল্প, বিউটি ও স্কিন কেয়ার পণ্য এবং বিয়ের সাজসজ্জার সামগ্রী নিয়ে অংশ নিয়েছেন অনলাইন ও ক্ষুদ্র উদ্যোক্তারা।
আগ্রাবাদ বড়পোল মোড়ের সিটি হল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত প্রদর্শনীর চতুর্থ আসর শেষ হবে আজ শুক্রবার। যৌথভাবে এ আয়োজন করেছে চট্টগ্রামের ইভেন্ট প্রতিষ্ঠান ‘কাবুল ইভেন্টস’ ও নারী উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম ‘গার্লস প্রায়োরিটি’। এই মেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আগামীর সময়।
আয়োজকরা জানান, অনলাইন উদ্যোক্তাদের সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগ তৈরি, নিজেদের পণ্য ও ব্যবসা উপস্থাপন, নতুন ক্রেতা পাওয়া এবং ব্যবসার পরিচিতি বাড়ানোর সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মেলার বিভিন্ন স্টলে রয়েছে হোমমেড পোশাক ও নানা ধরনের পণ্য। শিক্ষার্থী ও তরুণদের কথা বিবেচনায় রেখে কিছু পোশাক তুলনামূলক কম দামে বিক্রি করা হচ্ছে। ৫০০ টাকায় ওয়ান পিস, কুর্তি ও লং গাউন, ৬০০ থেকে ৮০০ টাকায় টু-পিস ড্রেস এবং ৮০০ টাকা থেকে পাকিস্তানি নকশার পোশাক পাওয়া যাচ্ছে। এ ছাড়া ১ হাজার ২০০ টাকা থেকে থ্রি-পিস বিক্রি হচ্ছে। মেলা উপলক্ষে বিভিন্ন স্টলে দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ও অফার।
মেলায় দেশীয় পণ্যেরও রয়েছে আলাদা উপস্থিতি। চট্টগ্রামভিত্তিক ‘বাগান বিলাস’ স্টলে মাটির তৈরি জিনিসপত্র, বাঁশ-বেতের সামগ্রী ও কাঠের হস্তশিল্প প্রদর্শন করা হচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলা উপলক্ষে এসব পণ্যে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে হোম ডেলিভারির সুবিধাও রয়েছে। ৪৮ নম্বর স্টলে ‘সাইরাজ ফ্যাশন’ নিয়ে এসেছে শাড়ি, থ্রি-পিস, বিউটি ও স্কিন কেয়ার পণ্য।
‘কাবুল ইভেন্টস’-এর স্বত্বাধিকারী ফাহাদ হোসাইন জানিয়েছেন, মেলার ডেকোরেশন ও ইভেন্ট-সংক্রান্ত বিভিন্ন সহযোগিতা তাঁদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়েছে। সিটি হল কনভেনশন সেন্টার, প্রিমিয়ার সিমেন্ট, ডেল্টা এলপিজি ও চিটাগাং ডাইনসহ বিভিন্ন স্পনসর ও অংশীদারের সহযোগিতায় এ আয়োজন করা হয়েছে।
আয়োজনের অন্যতম সংগঠক ‘গার্লস প্রায়োরিটি’। প্ল্যাটফর্মটির অনুসারীর সংখ্যা প্রায় সাত লাখ। সংগঠনের কর্ণধার তাসনুভা আনোয়ার বললেন, ঘরে বসে ব্যবসা করা অনেক নারী উদ্যোক্তার জন্য এ মেলা সরাসরি ক্রেতার কাছে পণ্য তুলে ধরার সুযোগ তৈরি করেছে। কয়েক দিনের আয়োজনে পণ্য বিক্রির পাশাপাশি নতুন ক্রেতাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগও পাচ্ছেন উদ্যোক্তারা। মেলায় ভালো সাড়া মিলেছে বলেও জানান তিনি।
মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তা ‘ছাপা’র কর্ণধার ফারহানা মেহজাব মোহিনী জানালেন, সরকারি কার্যদিবসে এতটা সাড়া পাবেন, তা তিনি ভাবেননি। ইতোমধ্যে তাঁর স্টকের পণ্য শেষ হয়ে গেছে। এখন অনলাইনে অর্ডার নিচ্ছেন তিনি।
ফারহানা মেহজাব মোহিনী বলেন, অনলাইনে পণ্য দেখানোর পাশাপাশি সরাসরি ক্রেতার সঙ্গে কথা বলার সুযোগ ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। মেলায় এসে ক্রেতারা পণ্য হাতে দেখে কেনার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে উদ্যোক্তাদের অনলাইন পেজ সম্পর্কেও জানতে পারছেন।
কাবুল ইভেন্টসের প্রধান নির্বাহী মিশকাতুল আজম জানালেন, এবার মেলায় ৮০টি স্টল রয়েছে। প্রথম চার দিনে প্রায় দেড় লাখ দর্শনার্থী ও ক্রেতা এসেছেন। শেষ দিনে সর্বোচ্চ বেচাকেনার আশা করছেন আয়োজকরা। এবার খাদ্যপণ্যের স্টল যুক্ত করায় সাড়া আরও বেড়েছে বলেও জানান তিনি।
আয়োজকরা বলছেন, চট্টগ্রামে অনলাইনভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত উদ্যোক্তার সংখ্যা দিন দিন বাড়ছে। তাঁদের জন্য নিয়মিত এ ধরনের আয়োজন করা গেলে অনলাইন ব্যবসার পাশাপাশি সরাসরি বাজারেও নিজেদের অবস্থান তৈরির সুযোগ আরও বাড়বে।



