পাটওয়ারীসহ দলটির নেতারা গালিগালাজ করলে জনতা প্রতিহত করবে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন আজ ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: আগামীর সময়
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, গালিগালাজের রাজনীতি কঠোর হাতে দমন করা হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক ও জেলা পরিষদ কার্যালয়ের কর্মকর্তা, সুধি সমাজ ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক এ সহকারী বলেছেন, এনসিপি জামায়াতের মস্তিস্কে দল পরিচালনা করছে। তারা বন্দোবস্তের রাজনীতির নামে ভন্ডবস্তের রাজনীতি শুরু করেছে। রাজনীতির মাঠে গালিগালাজের রাজনীতি কঠোর হাতে দমন করা হবে। তারা প্রধানমন্ত্রীসহ তার পরিবারকেও গালিগালাজ করে থাকেন।
এ ছাড়াও শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁন আরও বলেছেন, এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতারা গালিগালাজ করলে জনতা তাদের ফিরে আসতে দেবে না, প্রতিহত করবে।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ রাজনৈতিক নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধিরা ছিলেন।






