সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে কথা বলছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা
ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
তিনি বলেছেন, ‘সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব জনগণের সেবা করা। তাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে না জড়িয়ে মানুষের কল্যাণে কাজ করতে হবে।’
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঙ্গাড়িয়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছর ধরে মানিকগঞ্জের রাজনীতিতে দুঃসময়েও যারা আমার পাশে ছিলেন, তাদের অবদানেই আজ আমি এই অবস্থানে আসতে পেরেছি। এ জন্য মানিকগঞ্জবাসীর প্রতি আমি চিরকৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা আমাকে দায়িত্ব পালনে জবাবদিহির মধ্যে রাখবে।’
তিনি আরও বলেন, ‘ভোট দিয়েছেন কি দেননি, তা বিবেচনা না করে সব মানুষের জন্য জনপ্রতিনিধিদের কাজ করতে হবে। জনগণের স্বপ্ন ও প্রত্যাশা পূরণে সরকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’
মানিকগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে আফরোজা খানম রিতা বললেন, ‘এ জেলায় দুর্গাপূজামণ্ডপে মুসলিম সম্প্রদায়ের মানুষের উপস্থিতি পারস্পরিক সৌহার্দ্যের পরিচয় বহন করে। এই সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশের সুনাম ধরে রাখতে সবাইকে সহনশীল হতে হবে।’
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, ‘ভোটের ক্ষেত্রে টাকার প্রলোভনে না পড়ে যোগ্য, সৎ ও জনকল্যাণে কাজ করতে আগ্রহী ব্যক্তিকে নির্বাচিত করা উচিত। ব্যক্তিগত ও দলীয় দ্বন্দ্বের কারণে যেন সাধারণ মানুষ ও এলাকার উন্নয়ন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন খাদ্যমন্ত্রী। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর তাজ আলম বাহার, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।



